এস কে হাসান :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সাত বছরেও পুনর্নির্মাণ হয়নি। সড়কের প্রায় ৭০০ ফুট অংশ বিলীন হয়ে যাওয়ায় সাতটি গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিদিন বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সাত বছর ধরে এই দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী। বর্ষা এলে ভাঙা সাঁকোর ওপর তাদের পারাপারের ঝুঁকি ও দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা সেবা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন প্রয়োজনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
জানা গেছে, ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফানের প্রবল জলোচ্ছ্বাসে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। এরপর দীর্ঘদিন নৌকায় পারাপার হতে হয়েছে এলাকাবাসীকে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে সাময়িকভাবে যোগাযোগব্যবস্থা চালু রাখা হয়।
বর্তমানে কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ সাতটি গ্রামের মানুষ এই সাঁকো ব্যবহার করছেন। এটি প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাই স্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা এবং ফুলতলা ও তালতলা বাজারে যাতায়াতের প্রধানতম মাধ্যম।
নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার বলেন, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজারগুলোতে যাওয়ার প্রধান সড়ক এটি। শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে পার হয়। এই ভাঙা রাস্তার কারণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে, অবিলম্বে এখানে স্থায়ী সমাধান দরকার।
স্থানীয় বাসিন্দা রানুফা খাতুন আক্ষেপ করে বলেন, আম্ফানের সময় তাদের ভিটাবাড়ি বিলীন হয়ে গিয়েছিল। এক বছর আগে সাঁকোটি দেওয়া হলেও বর্ষায় এটি টিকবে কি না তা নিয়ে তারা শঙ্কিত। সন্তানরা যেন একটি নিরাপদ রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে, সেই দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা খালেক গাজী বলেন, দীর্ঘ সাত বছর ধরে কেবল আশ্বাস মিলছে। আগে নৌকায় টাকা খরচ করে যাতায়াত করতে হতো। কোনো যানবাহন চলতে না পারায় গ্রামে কেউ গুরুতর অসুস্থ হলে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বর্ষাকালে সাঁকো পিচ্ছিল হয়ে প্রায়ই শিশু ও বৃদ্ধরা পড়ে গিয়ে আহত হন।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা বিলীন হয়েছে। সেখানে কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। সরকারের কাছে দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানান তিনি।
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, এলজিইডির বাজেট স্বল্পতার কারণে সেখানে তখন স্থায়ী কাজ করা সম্ভব হয়নি। ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দে ৭০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী ভাসমান সাঁকো তৈরি করা হয়। ভবিষ্যতে বাজেট পাওয়া সাপেক্ষে সাঁকোটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।#
The post সাতক্ষীরায় আম্ফানে ভেঙেছে সড়ক, ৭ বছর ধরে বাঁশের সাঁকোই ৭ গ্রামের ভরসা appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.