শেখ আমিনুর হোসেন :
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কর্মসূচির অংশ হিসেবে ৬৩ জন পেশাজীবী গাড়িচালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রচারণা চালানো হয়
বুধবার (২৫ নভেম্বর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এসব কর্মসূচির আয়োজন করে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ৬৩ জন পেশাজীবী চালক অংশ নেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, যানবাহন চালনায় সতর্কতা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন।
প্রশিক্ষণে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দক্ষতার পাশাপাশি সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। শুধু গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে না, ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, অপ্রয়োজনে ওভারটেকিং না করা এবং অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়ানো সম্ভব, যা দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অন্যান্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) রাজিউজ্জামান, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক। এ ছাড়া উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন। মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক কর্মশালাটি সঞ্চালনা করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের সড়কে চলাচলের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত নানা সমস্যা এবং নিরাপদ যানবাহন পরিচালনার বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেওয়া হয়।
অন্যদিকে, দুপুরে একই এলাকায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের নিরাপদ সড়ক ব্যবহারে সচেতন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাস টার্মিনালে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সড়ক নিরাপত্তার বিভিন্ন নির্দেশনা প্রচার করা হয়।
এ সময় যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, অপ্রয়োজনে ওভারটেকিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত অনুসরণ এবং নির্ধারিত স্থান দিয়ে সতর্কতার সঙ্গে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়। সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ জমির হোসেন।
কর্মসূচিতে ট্রাফিক পুলিশ পরিদর্শক রাজিউজ্জামান, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতন হলেই চলবে না; যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। একজন চালকের সামান্য অসতর্কতা যেমন প্রাণহানির কারণ হতে পারে, তেমনি পথচারীর অসচেতনতা কিংবা ট্রাফিক সংকেত অমান্য করাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই আইন প্রয়োগের পাশাপাশি প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক প্রতিষ্ঠান বা ব্যক্তির দায়িত্ব নয়। প্রশাসন, পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, বিশেষ দিবসকেন্দ্রিক প্রচারণার পাশাপাশি বাস টার্মিনাল, গুরুত্বপূর্ণ সড়ক মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এতে চালকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি যাত্রী ও পথচারীদের মধ্যেও নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে উঠবে। বিআরটিএর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাতক্ষীরার সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।#
The post সাতক্ষীরায় সড়ক নিরাপত্তায় দ্বিমুখী উদ্যোগ, ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.