অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সিএনএনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানকে ‘পাগলাটে ধাঁচের’ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে।
ইরান রাজধানীতে ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মাথা নেড়ে সম্মতি জানান। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হামলার আশঙ্কা আসন্ন কি না, জানতে চাইলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু ঘটলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।
এ ধরনের হামলা আসন্ন বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আশা করি, এমন ঘটনা ঘটবে না। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ তারা একটু পাগলাটে ধাঁচের।”
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
এর আগে মার্কিন একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা সম্পর্কে কিছু গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যগুলোকে ইরানের পক্ষ থেকে সংঘাত বিপজ্জনকভাবে বাড়িয়ে তোলার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা কথিত এই পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
একাধিক সূত্রের দাবি, হামলার বিষয়ে ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দেশটি মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল ইরানের হাতে পর্যাপ্ত রয়েছে কি না, তা নিয়েও সংশ্লিষ্ট সূত্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে।
সূত্র: রয়টার্স ও সিএনএন।
The post ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন ‘ওরা পাগলাটে ধাঁচের’ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.