স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
স্বভাবতই শয্যা সংখ্যা ২৫০। সেই হাসপাতালে রোগী ভর্তি থাকে গড়ে
প্রায় সাড়ে সাতশ’। অর্থাৎ একটি শয্যার বিপরীতে রোগী ভর্তি
থাকে তিনজন। আর বহির্বিভাগে গড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার
রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। বিপুল এই রোগীর ভার বহন
করতে গিয়ে জেরবার হতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল ঘুরে
এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই চিত্র উঠে এসেছে।
যশোরসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম
ভরসাস্থল যশোর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
চিকিৎসাসেবার অন্যতম আশ্রয়স্থল হিসেবে এখানে গড়ে প্রায় সাড়ে
সাতশ’ রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফলে
ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরে বিছানা পেতে রোগীদের
চিকিৎসা নিতে হচ্ছে। এ কারণে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত
আড়াইশ’র বিপরীতে অতিরিক্ত শতাধিক শয্যা সংযোজন করেও রোগীর
চাপ সামলানো যাচ্ছে না। যদিও বাড়তি শয্যা থাকলেও হাসপাতালের
সুযোগ সুবিধা আড়াইশ’ শয্যারই।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসপাতালে বর্তমানে ১৫টি
ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডেই ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি
রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে মহিলা ও পুরুষ মেডিসিন, শিশু,
মহিলা সার্জারি, প্রসূতি ও গাইনি ওয়ার্ডের অবস্থা সবচেয়ে
নাজুক।
হাসপাতালের ওয়ার্ডভিত্তিক তথ্যে দেখা গেছে, পুরুষ মেডিসিন
ওয়ার্ডে গড়ে প্রতিদিন প্রায় দেড়শ’ রোগী অবস্থান করেন।
অনুমোদিত ২৬টির বিপরীতে কর্তৃপক্ষ ৩৬টি শয্যা করেছে। মহিলা
মেডিসিন ইউনিট-১ ও ২-এ অনুমোদিত ১৪ টির সঙ্গে অতিরিক্ত
যোগ করে ৭৪টি শয্যা করা হলেও রোগী থাকেন গড়ে শতাধিক। মহিলা
পেইং ওয়ার্ডে ১৫টির বিপরীতে ৩৫, গাইনি ওয়ার্ডে ১১টির বিপরীতে
২৪টি এবং লেবার ওয়ার্ডে ১৫টির বিপরীতে ২৫টি শয্যা রয়েছে। এসব
বিভাগে অতিরিক্ত শয্যা সংযোজনের পরও ২০ থেকে ৩০ জন রোগীকে
মেঝেতে থাকতে হয়। মহিলা সার্জারিতে ৪২টির বিপরীতে ৪৭টি শয্যা
থাকলেও রোগী থাকেন গড়ে ৭৫ জন। শিশু ওয়ার্ডে ২৪টির বিপরীতে
৩১টি শয্যা। সংক্রামক ওয়ার্ডে ছয়টি শয্যার বিপরীতে ৭০ থেকে ৮০ জন
রোগী চিকিৎসা নিয়ে থাকেন। অতিরিক্ত রোগী মেঝে, করিডোর ও
সিঁড়িতে অবস্থান করেন। এর পাশাপাশি প্রতিদিন হাসপাতালের
বহির্বিভাগে গড়ে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা
গ্রহণ করছেন।
হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে অতিরিক্ত রোগীর চাপ
সামলাতে গিয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম
খেতে হচ্ছে। শয্যার সংকটের পাশাপাশি চিকিৎসাসেবার পরিবেশ ও
রোগীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। হাসপাতালের তথ্য অনুযায়ী,
চিকিৎসকের ৫৪টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ৪৯ জন। শূন্য ছিল
পাঁচটি পদ। এর মধ্যে সিনিয়র কনসালটেন্টের তিনটি ও জুনিয়র
কনসালটেন্টের দুটি পদ খালি ছিল। জনবলের এই সংকটের মধ্যে অতিরিক্ত
রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। অতিরিক্ত
রোগীর চাপে হাসপাতালের ওয়ার্ডগুলোতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা
কঠিন হয়ে পড়েছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায়
থাকতে হচ্ছে। এতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা ও
পরিবেশ নিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন সালমা খাতুন
জানান, বেড না পাওয়ায় মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে
রোগীর সাথে তারও অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু কোনো উপায় তো নেই।
আরেক রোগীর স্বজন জুলেখা বেগম বলেন, শয্যা ছাড়িয়ে মেঝেতে
রোগী, বারান্দায় রোগী, সিঁড়ির পাশেও রোগী। হাঁটার জায়গাতেও
রোগী থাকতে দেওয়া হয়েছে। এতো রোগীর চাপে চিকিৎসাও ঠিকমত
পাওয়া যাচ্ছে না। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন মফিজুল
ইসলাম বলেন, রোগীর চাপ অনেক বেশি। সুস্থ হতে হাসপাতালে এসে
এমন পরিবেশে থাকতে হলে রোগীর আরও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
এদিকে, রোগীর অতিরিক্ত চাপ বিবেচনায় হাসপাতালটি ৫০০ শয্যায়
উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর আগে
হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা ছিল। তবে ৫০০ শয্যায়
উন্নীত করা যায় কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মোস্তাফিজুর রহমান
সাংবাদিকদের বলেছিলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ
দ্বিগুণ লক্ষ্য করেছেন। এখানে শয্যা বাড়ানো প্রয়োজন। হাসপাতালটি
৩০০ শয্যা করার পরিকল্পনার পরিবর্তে ৫০০ শয্যা করা যায় কি না, তা
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলেও তিনি উল্লেখ করেন। যশোর
আড়াইশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান,
আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এখন ডায়রিয়া, নিউমোনিয়া ও
শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ রয়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা
বেশি আক্রান্ত হচ্ছেন। ২৫০ শয্যার হাসপাতালে গড়ে সাড়ে সাতশ’
রোগী ভর্তি থাকে। অর্থাৎ এক শয্যার বিপরীতে তিনজন রোগী।
অন্যদিকে আউটডোরে গড়ে আড়াই হাজার রোগী চিকিৎসা
নিচ্ছেন। ২৫০ শয্যার জনবল দিয়ে এই বিপুল রোগীর চিকিৎসাসেবা
প্রদান দূরূহ ব্যাপারে। তারপরও আমারা রোগীদের চিকিৎসাসেবা
নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.