জোহানেসবার্গে টেস্টে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তাওহীদ হৃদয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যাটারের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন হৃদয়, যা মূলত ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ’-এর সঙ্গে সম্পর্কিত। গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ হওয়ায় তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
ঘটনাটি প্রথম দিনের আলোকস্বল্পতার কারণে খেলা স্থগিত হওয়ার পর। ঘোর বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করা এক ইনিংস খেলা হৃদয় একেবারে দিনের শেষ সময়ে নিজের উইকেটটি হারান। ১৩৭ রানের ইনিংস খেলা এই ব্যাটার আউট হওয়ার পর হতাশা ছিল চোখে-মুখে।
হৃদয় আউট হতেই শেষ হয় দিনের খেলা। সে সময় মাঠের আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আরও আগেই খেলা থামানো উচিত ছিল বলে দাবি করেন; এ সময় তিনি আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়ে হৃদয় নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার রাজা ও হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন।
লেভেল-১ আচরণবিধি ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার শাস্তি পান। হন। ২৪ মাসের মধ্যে এটি হৃদয়ের প্রথম অপরাধ হওয়ায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না তাঁর।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.