অনলাইন ডেস্ক: রাজধানীতে নাগরিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে নাগরিক সমাবেশ আয়োজন করবে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ঢাকা মহানগর উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিন ধরে এসব কর্মসূচি চলবে।
সেলিম উদ্দিন বলেন, ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মহানগর উত্তরের একটি করে প্রশাসনিক ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ করা হবে। এসব সমাবেশকে ঘিরে মিছিল, সভা ও গণসংযোগও অনুষ্ঠিত হবে। শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগের মতো কর্মসূচি রাখা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম লক্ষ্য ছিল নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানান তিনি। এগুলো হলো—সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা; অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা; পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে কাজের পরিবেশ তৈরি; চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জনগণের জানমালসহ ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়ে সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের ব্যবধান থাকা উচিত নয়। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের বৈধভাবে মতপ্রকাশ ও আন্দোলন করার অধিকার রয়েছে। তবে সন্ত্রাস, বোমাবাজি বা অস্ত্রের ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচি পালন করা গ্রহণযোগ্য নয়। নিরীহ মানুষের ওপর হামলা কিংবা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ধ্বংসের অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকার সনদে স্বাক্ষর করলেও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁর দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে মত দেওয়ার পরও সরকার সংস্কার বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না।
তিনি বলেন, সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কারের প্রতিফলন ঘটানো প্রয়োজন।
দেশবাসীর প্রতি শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন।
সেলিম উদ্দিন আরও বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। জামায়াত শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ চায় বলেও উল্লেখ করেন তিনি।
নাগরিক সেবায় ডিজিটাল অ্যাপ
সংবাদ সম্মেলনে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে বসে নাগরিকদের কয়েক ডজন সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।
১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
The post নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.