Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 24 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 25 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 29 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 35 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 37 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Sports

মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ

‘শুধু লিওনেল মেসির কারণেই আমি ফুটবল দেখি’। এমন কথা আশেপাশে প্রায়ই শোনা যায়। মেসির দেশ আর্জেন্টিনাতেও হয়তো এমন অনেক সমর্থক আছে। নাহয় এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর […]

Read on Khulna Gazette Link copied
মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ
Photo: Khulna Gazette

‘শুধু লিওনেল মেসির কারণেই আমি ফুটবল দেখি’। এমন কথা আশেপাশে প্রায়ই শোনা যায়। মেসির দেশ আর্জেন্টিনাতেও হয়তো এমন অনেক সমর্থক আছে। নাহয় এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর গ্যালারি তো ফাঁকা পড়ে থাকার কথা নয়। আর্জেন্টিনার ঘরের মাঠের স্টেডিয়ামগুলোতে সম্প্রতি ফাঁকা দেখা যাচ্ছে অনেক আসন। মেসিহীন দর্শক খরায় আর্জেন্টিনার গ্যালারি ভরানোর উপায়ও বাতলে দিয়েছেন দলটির গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

দর্শক ফেরাতে টিকিটের দাম কমানোর জন্য ফেডারেশন কর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্তিনেজ। গত মঙ্গলবার রাতে কর্ডোভায় কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করার প্রীতি ম্যাচে বড় জয় পেলেও, সমর্থকদের সেই পুরোনো আবেগ ও উন্মাদনা আবার ফিরিয়ে আনতে ‘লা আলবিসেলেস্তে’-কে কঠোর পরিশ্রম করতে হবে বলে জোর দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

মেসি ছাড়া শুরুর ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বেশ কম থাকায় ম্যাচের দিনগুলোর খরচ ও টিকিট মূল্য কমানোর দাবি তুলেছেন মার্তিনেজ। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ৫৭ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে প্রায় ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা স্টেডিয়ামের মোট আসনের প্রায় ৬০ শতাংশ।

এর তিন দিন আগে টিকিটের চড়া দাম নিয়ে ক্ষোভ ও অভিযোগের মধ্যেই ৫৫ হাজার আসনের লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের ম্যাচটি দেখেছিলেন মাত্র ২১ হাজার সমর্থক—এমনটাই জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও বেশি শিশুকে মাঠে টানতে এবং সমর্থকদের সঙ্গে হারানো সম্পর্ক আবার জোড়া লাগাতে আগ্রহী মার্তিনেজ স্পষ্ট করেছেন যে, গ্যালারিতে দর্শক বাড়ানোর দায় খেলোয়াড়, স্টাফ ও প্রশাসক—সবারই।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মার্তিনেজ বলেন, ‘আমি আরেকটু ভরা গ্যালারিতে খেলতে চাই। স্ট্যান্ডগুলো ভরাতে হয়তো আমাদের দাতব্য বা চ্যারিটি উদ্যোগ নিতে হবে। সমর্থকদের আবারও নতুন করে দলের প্রেমে ফেলতে হবে আমাদের। আমরা জানি লিও এখন এখানে নেই, আর এটাও স্পষ্ট যে মানুষ সবচেয়ে বেশি তাকে দেখতেই মাঠে আসতে চাইত। তবে দিনশেষে, এটি আর্জেন্টিনা জাতীয় দল, আর আমাদের সেই ভালোবাসা ও আবেগটা ভীষণ প্রয়োজন।’

টিকিটের দাম কমানোর দাবি জানিয়ে মার্তিনেজ আরও বলেন, ‘এটি সম্ভব করার দায়িত্ব আমাদের—খেলোয়াড়, কোচিং স্টাফ ও পরিচালকদের। মানুষের প্রতি ভালোবাসা দেখান, টিকিটের দাম কিছুটা কমান এবং প্রতিটি স্টেডিয়াম ভরিয়ে তুলুন; কারণ আমাদের সত্যিই এর ভীষণ প্রয়োজন।’

টেলিফেকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ আরও ব্যাখ্যা করেন, ‘বিষয়টা আমাদের একদমই ভালো লাগছে না। লিওকে ছাড়া যে কঠিন, তা আমি জানি। কিন্তু দিনশেষে, ছেলেরা একেকজন আদর্শ, তারা বিশ্বচ্যাম্পিয়ন; আর দলে এমন অনেক তরুণ নতুন মুখ রয়েছে, আর্জেন্টিনার প্রতি যাদের সেই ভালোবাসাটা ভীষণ প্রয়োজন।’

এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়কদের দিকে ইঙ্গিত করে মার্তিনেজ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘চিকি, স্কালোনি এবং অধিনায়কদের সঙ্গে নিয়ে আমরা আবারও তাদের আমাদের প্রেমে ফেলব।’

উরুগুয়ের বিপক্ষে শনিবারের হার কাটিয়ে জয়ে ঘুরে দাঁড়ানোর পর স্কালোনির দল এখন পরবর্তী প্রজন্মকে দলে থিতু করার দিকে মনোযোগ দিচ্ছে। মাঠের বাইরে আর্জেন্টিনার পরের ঘরের মাঠের ম্যাচগুলোর আগেই টিকিটের দাম ও বণ্টন ব্যবস্থা খতিয়ে দেখতে তাপিয়া এবং এএফএ-র ওপর চাপ বাড়ছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original