Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 24 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 25 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 29 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 35 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 37 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Politics

নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো

ভারতের অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয় অঞ্চলে নতুন পাঁচ প্রজাতির ক্ষুদ্রাকৃতির শিংওয়ালা ব্যাঙের সন্ধান পেয়েছেন ভারত ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। পাঁচ বছরের অনুসন্ধানে পাওয়া এসব ব্যাঙের মধ্যে একটি স্থলজ শামুক খেয়ে […]

Read on Khulna Gazette Link copied
নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো
Photo: Khulna Gazette

ভারতের অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয় অঞ্চলে নতুন পাঁচ প্রজাতির ক্ষুদ্রাকৃতির শিংওয়ালা ব্যাঙের সন্ধান পেয়েছেন ভারত ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। পাঁচ বছরের অনুসন্ধানে পাওয়া এসব ব্যাঙের মধ্যে একটি স্থলজ শামুক খেয়ে বেঁচে থাকে। ভারতে ব্যাঙের শামুক খাওয়ার এমন নজির এই প্রথম শনাক্ত করেছেন গবেষকেরা। শুধু তাই নয়, ব্যাঙের একটি গোত্রের মধ্যেও এ ধরনের খাদ্যাভ্যাসের প্রথম প্রমাণ পাওয়া গেছে।

নতুন প্রজাতিগুলো ‘জিঙ্গোফ্রিস’ গণের অন্তর্ভুক্ত। এরা আকারে ছোট এবং শরীরে শিংয়ের মতো দেখতে বিশেষ চামড়ার ভাঁজ রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পূর্ব হিমালয়ের দুর্গম বনাঞ্চলে দীর্ঘ পাঁচ বছর মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে এসব প্রজাতি শনাক্ত করেন। গবেষণার ফল ১১ নভেম্বর আন্তর্জাতিক সাময়িকী ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’-এ প্রকাশিত হয়।

গবেষণায় নেতৃত্ব দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুওলজির গবেষক সোনালি গার্গ। তাঁর সঙ্গে ছিলেন জেমস হ্যাঙ্কেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এস ডি বিজু, টাগে তাজো ও রাধাকৃষ্ণ উপাধ্যায় কে। গবেষকেরা জানান, নতুন প্রজাতিগুলো শনাক্ত করতে প্রাণীগুলোর বাহ্যিক গঠন, জিনগত বৈশিষ্ট্য ও আচরণ বিশ্লেষণ করা হয়েছে।

পাঁচটি নতুন প্রজাতির মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হলো ‘জিঙ্গোফ্রিস ট্যানোগোগো’। এর পরিচিত নাম শামুকখেকো শিংওয়ালা ব্যাঙ। গবেষকেরা ত্রিমাত্রিক মাইক্রো-সিটি (মাইক্রো কম্পিউটেড টমোগ্রাফি) প্রযুক্তি ব্যবহার করে ব্যাঙটির পাকস্থলীতে স্থলজ শামুকের সম্পূর্ণ খোলসের উপস্থিতি শনাক্ত করেন। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ব্যাঙটি শামুক খায়। ভারতে কোনো ব্যাঙের শামুক খাওয়ার এমন প্রমাণ আগে পাওয়া যায়নি। একই সঙ্গে ‘মেগোফ্রিডি’ গোত্রের কোনো ব্যাঙের মধ্যেও এ ধরনের খাদ্যাভ্যাসের এটিই প্রথম নথিভুক্ত ঘটনা। ‘ট্যানোগোগো’ নামটি অরুণাচল প্রদেশের স্থানীয় আপাতানি ভাষায় শামুক বোঝাতে ব্যবহৃত শব্দ থেকে নেওয়া হয়েছে।

নতুন পাঁচ প্রজাতির মধ্যে কয়েকটির নামকরণে স্থানীয় জনগোষ্ঠী, ভাষা ও অঞ্চলের পরিচয় তুলে ধরা হয়েছে। ‘জিঙ্গোফ্রিস তানিতাতি’ (Jingophrys taniitatii) বা টানি শিংওয়ালা ব্যাঙের নাম রাখা হয়েছে অরুণাচলের টানি জনগোষ্ঠীর নামে। নামটির দ্বিতীয় অংশ ‘তাতি’ এসেছে স্থানীয় আপাতানি ভাষায় ব্যাঙ ও কুনোব্যাঙ বোঝাতে ব্যবহৃত শব্দ থেকে।

‘জিঙ্গোফ্রিস সিয়াংয়েনসিস’ বা সিয়াং শিংওয়ালা ব্যাঙের নামকরণ করা হয়েছে অরুণাচল প্রদেশের সিয়াং অঞ্চলের নামে। অন্য দুটি প্রজাতি ‘জিঙ্গোফ্রিস হার্ডি’ ও ‘জিঙ্গোফ্রিস উলারসনি’। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রাখা ব্যক্তিদের সম্মানে এই নাম দুটি দেওয়া হয়েছে। গবেষণায় স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দুর্গম বনাঞ্চলে ব্যাঙের সন্ধান, স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা এবং মাঠপর্যায়ের কাজে তাঁদের সহায়তা গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এই ব্যাঙগুলোর কয়েকটি অত্যন্ত লাজুক ও গোপন স্বভাবের। দুর্গম বনে বছরের নির্দিষ্ট প্রজনন মৌসুমে অল্প সময়ের জন্য এদের দেখা মেলে। এ কারণে গবেষকদের অনেক সময় রাতের বেলায় অনুসন্ধান চালাতে হয়েছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এলেও তাঁরা কাজ চালিয়ে গেছেন। গবেষক দলের সদস্য এস ডি বিজু জানান, ব্যাঙগুলো নিশাচর হওয়ায় তাঁদের রাতে কাজ করতে হয়েছে। অনেক সময় থাকার মতো কোনো জায়গাও পাওয়া যায়নি। ফলে প্রতিকূল আবহাওয়ায় দুর্গম এলাকায় দীর্ঘ সময় অনুসন্ধান চালানো ছিল বড় চ্যালেঞ্জ।

গবেষণাটি শুধু পাঁচটি নতুন প্রজাতির সন্ধানেই সীমাবদ্ধ নয়; পূর্ব হিমালয়ে ব্যাঙের বিবর্তনের ইতিহাস সম্পর্কেও নতুন তথ্য দিয়েছে। জিনগত বিশ্লেষণে দেখা গেছে, হিমালয় পর্বতমালার উত্থান এবং এশীয় মৌসুমি বায়ুর বিকাশের সঙ্গে এই অঞ্চলে শিংওয়ালা ব্যাঙের বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হওয়ার প্রক্রিয়ার সম্পর্ক রয়েছে। গবেষণায় ‘জিঙ্গোফ্রিস’ গণের পরিচিত বৈচিত্র্য আগের ধারণার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতে এই গণের বৈচিত্র্য সাত গুণ বেড়েছে এবং বিশ্বজুড়ে পরিচিত প্রজাতির সংখ্যাও দ্বিগুণের বেশি হয়েছে। একই সঙ্গে আরও কিছু অশনাক্ত বংশধারার সন্ধান পেয়েছেন গবেষকেরা।

বিজ্ঞানীদের মতে, পূর্ব হিমালয়কে ব্যাঙের বিবর্তন ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নতুন করে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো তুলনামূলক কম অনুসন্ধান করা অঞ্চলে আরও অনেক অজানা প্রাণী ও উদ্ভিদ থাকতে পারে।

তবে নতুন প্রজাতিগুলোর জীবনচক্র, আবাসস্থল, বিস্তার ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে আরও গবেষণা দরকার। দুর্গম বনাঞ্চল ও সীমিত প্রজনন মৌসুমের কারণে এগুলোর প্রকৃত সংখ্যা এবং পরিবেশগত ঝুঁকি নিরূপণ করাও সহজ নয়। গবেষকেরা বলছেন, এসব ব্যাঙের আবিষ্কার পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তথ্য সূত্র- বিবিসি

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original