ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুদিনের ভারী বৃষ্টিতে ফকিরহাটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরাও। পাশাপাশি অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা।
গত বুধবার দিবাগত রাত থেকে উপজেলা জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত ও মাঝেমধ্যে দমকা হাওয়া বইছে। গতকাল শুক্রবার দিনভর বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম সড়ক ও মোড়গুলো ছিল অনেকটা ফাঁকা। জরুরি কাজ ছাড়া খুব কম মানুষই ঘর থেকে বের হয়েছেন। ফকিরহাট সদর বাজারের অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ।
ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের তীরের বস্তিবাসী সালাম শেখ, জয়নাল হোসেনসহ কয়েকজন জানান, পলিথিন ও ত্রিপলের ছাউনি দেওয়া কুঁড়েঘরে পরিবার নিয়ে থাকেন তাঁরা। শীতের শুরুতে এমন টানা বৃষ্টিতে ঘরের ভেতর পানি ঢুকে পড়ছে। ভিজে গেছে বিছানাপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টির মাঝে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা।
অন্যদিকে কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাসরত প্রায় ৩০টি বেদে পরিবারের চিত্রও করুণ। বৃষ্টিতে কাদা-পানিতে অর্ধেক ডুবে গেছে তাঁদের অস্থায়ী বসতি। এতে রান্নাসহ প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে বাইরে মানুষের যাতায়াত কমে গেছে। যাত্রী না থাকায় তাঁদের আয় প্রায় শূন্যের কোঠায়। নিত্যপণ্যের চড়া দামের বাজারে প্রতিদিনের আয়ে কোনোমতে সংসার চলে; বৃষ্টির কারণে সেই উপার্জনের পথও রুদ্ধ হয়ে গেছে।
এদিকে, অতিবৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চাষি মোমিন বলেন, সামান্য বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও টানা ভারী বর্ষণ শস্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। শীতকালীন অন্যান্য সবজির পাশাপাশি মাঠে থাকা পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বগুড়া গ্রামের বিল এলাকার চাষি মোবাস্সের জানান, টানা বৃষ্টিতে তাঁর বেগুন খেত পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
অপরদিকে, কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়ে উদ্বিগ্ন চাষিরা। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের তলিয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ পরিস্থিতি মোকাবিলায় অনেক চাষি ঘেরের মাটির বাঁধ উঁচু করা এবং চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিচ্ছেন।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বৈরী আবহাওয়ায় কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ দেওয়ার জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে; তবে আবহাওয়া অনুকূলে না ফেরা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির তথ্য না মিললেও বৃষ্টি চলতে থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সবজি ফসল রক্ষায় পানি নিষ্কাশন এবং বৃষ্টি শেষে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।”
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.