অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পরও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে দেশের অধিকাংশ এলাকা থেকে বৃষ্টিবলয়ের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেওয়া এক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ওড়িশা অঞ্চলে অবস্থান করছে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর গতিপথ বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি হতে পারে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানায়, দুর্বল হয়ে পড়া আবহাওয়াগত সিস্টেমটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিবলয়ের অবশিষ্ট প্রভাব পুরোপুরি কেটে যেতে ২৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের প্রবণতা কমে আবহাওয়ার উন্নতি হওয়ার আশা করছে সংস্থাটি।
The post দুর্বল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি ২৪ নভেম্বর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.