অনলাইন ডেস্ক: ভারত থেকে শেখ হাসিনা দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, দেশে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা ভারত থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন। তাঁর অভিযোগ, দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় থাকা ফ্যাসিবাদের দোসরদের অবৈধ অর্থের অভাব নেই। সেই অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাড়িঘর ও যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে মদদ আসছে বলেও দাবি করেন তিনি।
প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, তিনি আজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমৃত্যু সক্রিয় ছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও সংগ্রামী ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন-সংগ্রামের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তরিকুল ইসলামকে বিশেষ গুরুত্ব দিতেন। এমনকি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব পালন করেছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, দলের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তাঁর ছেলে বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
The post সহিংসতার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে বলে অভিযোগ রিজভীর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.