অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে তাঁর সমর্থন ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাননি দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। বরং তিনি বলেছেন, ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দায়িত্ব হলো প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করা।
শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ভ্যান্স। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি প্রেসিডেন্টের ছিল।
ট্রাম্প প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিলেও ভ্যান্সকে এ বিষয়ে তুলনামূলক সতর্ক দেখা গেছে। চলতি মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের কারণ হিসেবেও ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন তিনি।
গত ৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, নির্বাচনে দলের পরাজয়ের অন্যতম কারণ যুদ্ধ। এই যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর মূল্য দেওয়া যথার্থ হয়েছে কি না, তা যুক্তি দিয়ে প্রমাণ করার আহ্বানও জানান তিনি।
শুক্রবারের সংবাদ সম্মেলনে ভ্যান্সের বক্তব্যের পর ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের নিজস্ব মতামত থাকতে পারে। তবে তাঁর মতে, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন—এই বিষয়টি তাঁর বক্তব্যে স্পষ্ট হয়নি।
ট্রাম্প আরও বলেন, যারা তাঁর অধীনে কাজ করেন, তাঁদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে ইরান সম্পর্কে নিজের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
এরপর সাংবাদিকরা ভ্যান্সকে প্রশ্ন করেন, নির্বাচনে দলের বড় পরাজয়ের পরও ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা রয়েছে কি না। জবাবে ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ইরান সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদতদাতা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা আন্তর্জাতিক দরকষাকষিতে ব্যবহৃত হতে পারে, এমনকি বড় ধরনের প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারে।
ভ্যান্স বলেন, সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি আবারও একই ধরনের পদক্ষেপ নিতে পারেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব প্রেসিডেন্টকে সমর্থন করা।
দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত ভ্যান্স শান্তি আলোচনায়ও যুক্ত ছিলেন। গ্রীষ্মকালে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেন, যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনার উদ্যোগ পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ভ্যান্সের নির্বাচনী মূল্যায়নের পর ট্রাম্প ওই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং তাঁকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই।
সূত্র: রয়টার্স।
The post ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে সরাসরি সমর্থন জানালেন না ভ্যান্স appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.