
খুলনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন এবং পুলিশ প্রশাসনের ১৪টি গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, খুলনার বর্তমান পুলিশ সুপার মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
সাত জেলায় নতুন দায়িত্ব পেলেন যারা:
খুলনা ছাড়াও বাকি ছয় জেলায় নতুন এসপি হিসেবে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট, ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইল, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী, এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার করা হয়েছে।
বদলি হওয়া অন্যান্য কর্মকর্তারা:
প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটনে (সিএমপি) এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.