কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান পরিস্থিতি, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে উপজেলার কোথাও কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা দেশবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কোটচাঁদপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত টিএসআই) ডা. তানভীর হাসান প্রতীক, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শেখ এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনস্বার্থ ও এলাকার শান্তিশৃঙ্খলার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, কোটচাঁদপুর উপজেলার কোনো এলাকায় সন্দেহজনক তৎপরতা, নাশকতার পরিকল্পনা, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা চোখে পড়লে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.