মেহেরপুরের মুজিবনগরে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২ পরিবারের মধ্যে সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ২ ছেলে রমজান মহলদার ও হানিফ মহলদার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ ও ঘর তৈরিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তার চাচাতো ভাই হানিফ মহলদারের পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে ইসলাম মহলদারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে হানিফ মহলদার, তার ভাই রমজান মহলদার ও তাদের মা তহুরা খাতুন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এতে তহুরা খাতুন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান মহলদার ও হানিফ মহলদারকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের নাতি হাসিবুল অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইসলাম মহলদার (৬৫), জানদার মহলদার, হোসেন মহলদার, শরিফুল, জহিরুল, জাহিদসহ আরও কয়েকজন তার দাদির ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তার ২ চাচাও গুরুতর আহত হন।
অন্যদিকে, ইসলাম মহলদারের পক্ষের আহত কয়েকজনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ওই পক্ষের কয়েকজন এলাকা ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.