Monday, November 23, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর...

Read on Kushtia Protidin Link copied
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া অত্যন্ত গৌরবের বিষয়। তবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন একটি জাতির ইতিহাসে আরও বড় গৌরবের। বীর মুক্তিযোদ্ধারা সেই বিরল গৌরবের অধিকারী বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের যন্ত্রণা ও পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো সাফল্য তাঁকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বাহিনীর জন্যও গৌরবের।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের রায়ে যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো অমলিন রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবিত মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগের বার্ষিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে। এ লক্ষ্য অর্জনে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

The post মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original