Monday, November 30, 2026 Khulna, Bangladesh
20°C Partly cloudy
Latest
Khulna

নগরীর ফুটপাতে পিঠাপুলির ধুম

শীতের আমেজ গায়ে লাগতেই খুলনা নগরীর বিভিন্ন এলাকার ফুটপাত ও মোড়ে মোড়ে জমে উঠেছে ভ্রাম্যমাণ পিঠাপুলির দোকান। প্রতি বছরের ন্যায় এবারও সন্ধ্যা নামতেই এসব দোকানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। […]

Read on Khulna Gazette Link copied
নগরীর ফুটপাতে পিঠাপুলির ধুম
Photo: Khulna Gazette

শীতের আমেজ গায়ে লাগতেই খুলনা নগরীর বিভিন্ন এলাকার ফুটপাত ও মোড়ে মোড়ে জমে উঠেছে ভ্রাম্যমাণ পিঠাপুলির দোকান। প্রতি বছরের ন্যায় এবারও সন্ধ্যা নামতেই এসব দোকানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, পুলি ও দুধ চিতইয়ের ঘ্রাণে মুখরিত হয়ে উঠছে নগরীর অলিগলি।

নগরীর সোনাডাঙ্গা, শিববাড়ী মোড়, সাত রাস্তার মোড়, শান্তিধাম মোড়, পাইওনিয়ার মহিলা কলেজের মোড়, জাতিসংঘ শিশু পার্ক মোড়, দৌলতপুর, খালিশপুর, গল্লামারী ও নতুন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় বসেছে অস্থায়ী পিঠার দোকান। কোথাও চুলার ওপর বড়ো মাটির সরায় ভাপা পিঠা তৈরি হচ্ছে। কোথাও আবার গরম গরম চিতই পিঠা পরিবেশন করা হচ্ছে। সাথে নানা রকম ভর্তা ও খেজুরের গুড়। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ। তবে ফুটপাতে খাবার বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। খোলা জায়গায় খাবার বিক্রি হওয়ায় ধুলোবালি ও অপরিষ্কার পানির ব্যবহার থেকে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে। বিক্রেতাদের পরিচ্ছন্ন পানি ব্যবহার, খাবার ঢেকে রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে ক্রেতাদেরও সচেতন হয়ে পিঠা কেনার আহ্বান জানানো হয়েছে।

একসময় শীতের পিঠা মানে ছিল ঘরের উঠান ও চুলার পাশে জড়ো হওয়া পরিবার। এখন সময় কম। ব্যস্ততা বেশি। ঘরে পিঠা বানানোর অবসর অনেকেরই নেই। সেই অভাব পূরণ করছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো।

ক্রেতা শিল্পী আক্তার বলেন, বাড়িতে পিঠা বানানোর ঝামেলা পোহাতে হয় না। হাতের কাছেই গরম পিঠা মেলে। তাই তারা এসব দোকানে আসেন। দাম তুলনামূলক সাশ্রয়ী। তাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছেও দোকানগুলো জনপ্রিয়।

আরেক ক্রেতা সাব্বির আলম বলেন, “শীতের সন্ধ্যায় বন্ধু ও পরিবারের সঙ্গে গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। পিঠা এখানে শুধু খাবার নয়। এটি একসঙ্গে বসার অজুহাত। এই আসরের পেছনে আছেন বিক্রেতারা।”

জিয়া হলের পিঠা বিক্রেতা ময়না বেগম জানান, শীত মৌসুমে পিঠা বিক্রি করে বাড়তি আয় হয়। অনেকে সারা বছর অন্য কাজ করেন। শীত এলে দেন পিঠার দোকান।

নগরীর জাতিসংঘ শিশু পার্কের সামনে বংশপরম্পরায় এই মৌসুমি ব্যবসা সামলাচ্ছেন ‘ভাই ভাই পিঠা ঘর’ খ্যাত পিঠার দোকানটি। পিতা মৃত. শামসুল হক-এর পর তিন ভাই মোঃ রুহুল আমিন, মোঃ নুরুল আমিন ও মোঃ আলামিন চালাচ্ছেন এই মৌসুমী পিঠার বাণিজ্য। তাদের ভাষ্য, সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চলে বেচাকেনা। ১৫ টি চুলা বিশিষ্ট দোকানটিতে চিতই পিঠার চাহিদা সবচেয়ে বেশি। দৈনিক বিক্রি করেন সাত থেকে আট হাজার টাকার পিঠা। ছুটির দিনে ক্রেতা আরও বাড়ে। এই মৌসুমী ব্যবসা অনেক পরিবারের জীবিকার উৎস। যা নগরবাসীর কাছে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্বাদ ফিরিয়ে আনছে। শীত যত গভীর হবে, নগরীর ফুটপাতে পিঠাপুলির এই জমজমাট আয়োজন ততই বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original