অনলাইন ডেস্ক: অশ্লীলতা ও অপসংস্কৃতি মোকাবিলায় ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সংস্কৃতি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে হবে কবি, সাহিত্যিক ও শিল্পীদের। বিশেষ করে ঢাকা মহানগরীর সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা কেবল দেশের প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক পরিবর্তন ও জাগরণ সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের ওপর বর্তায়। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের কাছে ইসলামের মূল্যবোধনির্ভর গান, কবিতা, গল্প, নাটক ও চলচ্চিত্র পৌঁছে দিতে হবে। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্বও তাঁদের দিতে হবে।
ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি তাওহীদ বা আল্লাহর একত্ববাদের বিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকে প্রভাবিত করে। আল্লাহই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী এই বিশ্বাস ইসলামী সংস্কৃতির মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হওয়া উচিত। এ বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক বিনোদনের জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও নৈতিক উন্নয়নের লক্ষ্যেই সাহিত্য ও সংস্কৃতিচর্চা হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। রাজনৈতিক পরিবর্তন এলেও সাংস্কৃতিক পরিবর্তন না ঘটলে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখেই কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, গান মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে না; বরং মানুষের হৃদয়ে আন্দোলনের সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করার প্রেরণা জোগায়। তবে মানবমনের পরিবর্তনে পবিত্র কোরআনের গুরুত্ব ও শক্তির কথা সব সময় মনে রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুলসহ অনেকে।
The post অশ্লীলতা রোধে ইসলামী মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.