অনলাইন ডেস্ক: ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই সংলাপে ভিসাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি রয়েছে ভারতের। কনস্যুলার সংলাপও সেই কাঠামোর আওতায় সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে জানতে চান দুই সাংবাদিক। জবাবে জয়সওয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
The post উভয় দেশের সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.