শুধু পাকিস্তানই নয়, সমানতালে বাংলাদেশ ও ভারতেও জনপ্রিয় হয়ে উঠছে ‘দার-ই-নিজাত’। বাংলাদেশে সাধারণভাবেই দেখা যাচ্ছে এই পাকিস্তানি ধারাবাহিক। তবে ভারতে রয়েছে নিষেধাজ্ঞা। সেসবকে পাত্তা না দিয়ে সিরিজটি বিভিন্ন উপায়ে দেখছে ভারতীয়রা। এসব নিয়ে তুমুল আলোচনার মাঝে খবর এলো, জনপ্রিয় এই ধারাবাহিকের চূড়ান্ত অর্থাৎ শেষ পর্ব দেখানো হবে পাকিস্তানের প্রেক্ষাগৃহে।
পাক সংবাদ মাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। তাতে বলা হয়েছে, দেশটির প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে শেষ পর্বের জন্য।
তবে পাকিস্তানের প্রেক্ষাগৃহে এর চূড়ান্ত পর্বের প্রদর্শনী হলেও এতে অন্যান্য দেশের দর্শকেরাও বঞ্চিত হচ্ছেন না। কারণ, প্রেক্ষাগৃহে প্রদর্শনের ঠিক এক দিন পরই পর্বটি প্রকাশ করা হবে ইউটিউবে। ফলে ঘরে বসেই অনলাইনে দেখা যাবে আলোচিত এই ধারাবাহিকের বহুল প্রতীক্ষিত সমাপ্তি। ‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ধারাবাহিকের অন্তিম পর্ব।
শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম অভিনীত ‘দার-ই-নিজাত’ এ বছরের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে রূপ নিয়েছে। এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার, আর জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান। মধ্যপ্রাচ্যেও ধারাবাহিকটির ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
এ পর্যন্ত প্রচারিত হয়েছে ‘দার-ই-নিজাত’র ৩৪টি পর্ব। শুরুতে ৩৮ পর্বে ধারাবাহিকটি শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক সাড়ায় তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে বলে জানা গেছে। সেই হিসাবে এখনো আটটি পর্ব প্রচার বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর আসতে পারে শেষ পর্ব। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.