অনলাইন ডেস্ক: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করেছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন হিসেবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অবদানও অপরিসীম। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে।
পরাজিত শক্তির সমালোচনা করে রিজভী বলেন, যারা অন্যের অধীন হয়ে কাজ করেন, তাদের দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা স্মরণ রাখা উচিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন।
The post স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান অপরিসীম: রিজভী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.