অনলাইন ডেস্ক: ভারতে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রতিশোধের রাজনীতি ও নাশকতায় ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ক্ষমতার মোহ থেকে বের হতে না পেরে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তবে দেশ ছাড়ার পরও তাঁর রাজনৈতিক আচরণে পরিবর্তন আসেনি। ক্ষমতায় থাকাকালে গত ১৭ বছরে যে ধরনের রাজনীতি করেছেন, এখনো সেই পথেই চলছেন বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, যানবাহন, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়ে আত্মগোপনে থাকা ব্যক্তিদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ধৈর্য ধরে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতা কীভাবে পেট্রাপোল সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, এ ঘটনা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেনসহ অন্যরা।
The post দেশে অগ্নিসন্ত্রাসের পেছনে শেখ হাসিনার ইন্ধনের অভিযোগ রিজভীর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.