অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় দুর্বৃত্তরা মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হন।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন বলেন, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
The post পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের গুলি, আহত পাঁচ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.