খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে চতুর্থ দিনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ক সেমিনার শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে হুইপ বলেন, আত্মার তৃপ্তি ও জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই। বই মানুষের আত্মার খোরাক। গণতন্ত্র সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে দেশ গড়তে হলে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে হবে। শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলা, ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি কমানো এবং মাদক থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। প্রধান আলোচক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
এর আগে বইমেলা উপলক্ষে হুইপের নেতৃত্বে নগরীর নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.