দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’। গত ১০ দিনে প্রতিষ্ঠানটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব হামলার বিবরণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। চিঠিতে বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনায় অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, সদস্যসেবা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ব্যাহত করতে পারে।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ এশিয়া পোস্টকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে টার্গেট করে হামলা করা হচ্ছে। এটি কেন করা হচ্ছে তা জানি না। তবে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, এই সন্ত্রাসীরা একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে হামলা করেছে। এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ডকুমেন্ট, কাগজপত্র, রেকর্ডপত্র তারা পুড়িয়ে দিয়েছে। দারিদ্র্যপীড়িত মানুষকে ক্ষুদ্রঋণ প্রদানকারী এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা।’
১০ নভেম্বর রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের শেরপুরের গাজীর খামার শাখার প্রধান ফটকের বাইরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। একই দিন কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা শাখার দরজার সামনে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় সকাল ১১টার দিকে অফিসের দরজার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী শাখায় একই দিন রাতে কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন দেওয়া হয়। এতে চেয়ার ও ক্যাশ বহনের ব্যাগ পুড়ে যায়। জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর শাখায় পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে ভবনের বাইরের অংশে কালো দাগ পড়ে।
একই দিন পটুয়াখালীর কলাপাড়ার কড়ইবুনিয়া শাখার গেটে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। চট্টগ্রামের আনোয়ারার বারখাইন শাখায় আগুনে আদায় শিটের ব্যাগ এবং অনেক পাসবই পুড়ে যায়।
পাবনার সুজানগরের দোগাছী শাখায় ১১ নভেম্বর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে সাইনবোর্ড, একটি চেয়ার, দুই-তিনটি ফাইল ও পাঁচটি আদায় শিট পুড়ে যায়। পেট্রোল বোমায় দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর শাখার আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট শাখা এবং নীলফামারীর পলাশবাড়ী শাখা।
নেত্রকোনার চল্লিশা শাখার সাইনবোর্ডে ১৪ নভেম্বর আগুন দেওয়া হয়। কিশোরগঞ্জ সদরের হোসেনদি পাকুন্দিয়া শাখায়ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুরের টেংরা শাখার প্রধান ফটকের সামনে ১৫ নভেম্বর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই দিন সিলেট এরিয়া অফিসে আগুনে কিছু ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
গোপালগঞ্জের উলপুর শাখায় ১৫ নভেম্বর সন্ধ্যায় পেট্রোলের আগুনে আদায় শিট পুড়ে যায়। একটি টেবিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুর্বৃত্তরা সিসি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। পেট্রোল বোমায় সিলেট জোনাল ম্যানেজারের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় দুই দফায় দুর্বৃত্তরা পেট্রোল নিক্ষেপ করে। ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আগুন দেওয়ার পর অফিসের প্রায় সবকিছু পুড়ে যায়। এর আগে ১০ নভেম্বরও শাখাটিতে হামলা হয়। প্রথম ঘটনার পর মামলা করতে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কর্মকর্তা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পটুয়াখালীর কলাপাড়ার শাখায় ১৭ নভেম্বর পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি, বারান্দা ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। ১৮ নভেম্বর পটুয়াখালীর বেতাগী শাখার সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের বৌলতলী শাখায়ও অগ্নিসংযোগ করা হয়।
গোপালগঞ্জের সাজাইল-কাশিয়ানী শাখায় কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। দুর্বৃত্তরা অফিসের চেয়ার-টেবিলও ভাঙচুর করে। বগুড়ার শেরপুরের মথুরেশপুর শাখায় আগুনে আদায় শিট পুড়ে যায়। নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ শাখায় তিনটি ফাইল, দুটি চেয়ার, প্রজেকশন বোর্ড, দুটি ফ্যান ও কিছু কাগজপত্র পুড়ে যায়।
বুধবার রাতেও বিভিন্ন জেলায় ব্যাংকটির শাখা ও অফিসে হামলা হয়। এর মধ্যে নরসিংদী, ফরিদপুর, গাজীপুর, যশোর, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, পাবনা, খুলনা, নেত্রকোনা, হবিগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং কিছু ঘটনায় মামলা হয়েছে। ১০ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পাবনার দোগাছী শাখার ১১ নভেম্বরের ঘটনায় ১৭ নভেম্বর জিডি করা হয়। কলাপাড়ার কড়ইবুনিয়া শাখার ঘটনায় আমতলী থানায় জিডি করা হয়।
নেত্রকোনার চল্লিশা শাখার ঘটনায় ১৬ নভেম্বর নেত্রকোনা থানায় জিডি করা হয়। গাজীপুরের টেংরা শাখার ঘটনায় ১৫ নভেম্বর শ্রীপুর থানায় জিডি করা হয়। টাঙ্গাইলের লাউহাটি ও বাসাইল শাখার ঘটনায় দেলদুয়ার ও বাসাইল থানায় জিডি করা হয়েছে।
অন্যদিকে সিলেট এরিয়া অফিস, গোপালগঞ্জের উলপুর শাখা এবং টুঙ্গিপাড়ার দ্বিতীয় হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। কিছু ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ব্যাংকটির ৭২টি শাখা ও অফিসের ক্ষয়ক্ষতির বিবরণ থাকলেও অভ্যন্তরীণ প্রতিবেদনে কোনো ঘটনার আর্থিক ক্ষতির পরিমাণ টাকায় উল্লেখ করা হয়নি। ফলে পুড়ে যাওয়া নথি, আসবাব, বৈদ্যুতিক সরঞ্জাম, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চিঠিতে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। প্রধান কার্যালয়সহ সারা দেশে নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
ব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত।
সদস্যদের কাছে ঋণ হিসেবে থাকা অর্থের পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংকে জমা এবং সরকারের স্বল্পমেয়াদি ঋণপত্রে (ট্রেজারি বিল) বিনিয়োগ করা আছে।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটিতে হামলা শুধু একটি ব্যাংকের সম্পদ ও অবকাঠামোর ক্ষতি নয়। বরং এর সঙ্গে দেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ কার্যক্রম, জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয় জড়িত। ফলে হামলা অব্যাহত থাকলে সদস্যদের আস্থা, আর্থিক সেবার ধারাবাহিকতা এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকে ২০১১ সালের ১১ মে পর্যন্ত তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.