অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির হাতিয়ার না হতে ইরাকের প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। একই সঙ্গে সীমান্তসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরাকের তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর এসব উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের পক্ষ থেকে ইরাককে সতর্ক করা হলো।
প্রতিবেদনে বলা হয়, তেল চোরাচালান বন্ধের উদ্যোগের অংশ হিসেবে বুধবার ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার ইরান ও সিরিয়ার সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়। তবে ইরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র তাদের ওপর স্থলপথে অবরোধ আরোপের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে ইরাককে ব্যবহার করা হচ্ছে। এর ফলে ইরাক থেকে ইরানে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে তেহরান।
এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সহকারী ও উপদেষ্টা মোহাম্মদ মোখবের বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরাককে সতর্ক করেন।
তিনি লেখেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি। কঠিন সময়ে ইরান সব শক্তি নিয়ে ইরাকের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।
মোখবের আরও বলেন, দুই দেশের এই সুসম্পর্ক বজায় রাখতে সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে। ইরাক যেন ইসলামের শত্রুদের হাতিয়ার কিংবা ট্রাম্পের নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না ওঠে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
সূত্র: আলজাজিরা।
The post ইরাককে যুক্তরাষ্ট্রের নীতির হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.