অনলাইন ডেস্ক: অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, মানবপাচার ও নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কুষ্টিয়ার সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ ব্যাটালিয়ন।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সদস্যসংখ্যা, টহল ও গোয়েন্দা নজরদারি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন করে রাতেও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশিও চলছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় রাতের পাহারার ব্যবস্থা, মাইকিং এবং সচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত আলোকিত রাখতে পর্যাপ্ত এলইডি লাইট ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে।
তিনি জানান, আগের তুলনায় সীমান্তে বিজিবি সদস্যের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করায় তাঁরাও সন্ধ্যার পর থেকে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কুষ্টিয়া জেলায় নাশকতা প্রতিরোধে ব্যাটালিয়ন সদরেও একটি রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।
The post কুষ্টিয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন ও সার্চলাইট appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.