অনলাইন ডেস্ক: দেশের সামগ্রিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে বর্তমান পরিস্থিতিতে তারা ভীত নন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের আস্থার সংকট রয়েছে বলেও মন্তব্য করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় নিতে পারছেন না। ফলে জনগণও তাদের ওপর আস্থা রাখতে পারছে না। জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিলে জামায়াত নীতিগতভাবে তার পক্ষে থাকবে। তবে সেই ঐক্য হতে হবে দেশের ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে।
তিনি বলেন, দেশের আদর্শ ও ঈমানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে দলের দায়িত্বশীল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন দলের আদর্শ ও কর্মকাণ্ডের কারণেই এসেছে—এ বিষয়টি মনে রাখার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলীয় সামর্থ্য ও নিজস্ব অবস্থান থেকে জামায়াত নির্বাচনে অংশ নেবে। এ লক্ষ্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তি, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে বিগত নির্বাচনে ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে দল অঙ্গীকারবদ্ধ।
দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সারা দেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশ ও জাতির স্বার্থে কাজ চালিয়ে যেতে হচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল ও নেতাকর্মীদের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞানের গভীরতা বাড়াতে হবে।
দলের নেতাকর্মীদের আল্লাহ ও রাসুলের পরিপূর্ণ আনুগত্য এবং সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার নির্দেশনা দেন তিনি। সংগঠন ও দায়িত্বশীলদের প্রদর্শনেচ্ছা বা লোকদেখানো মনোভাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক।
সমাজে অশিক্ষা, কুশিক্ষা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সন্তানদের এসবের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের যত্নশীল হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দায়িত্বশীলদের বিনয়ী আচরণ, সবার সঙ্গে ভালো ব্যবহার এবং আর্থিক লেনদেনে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
The post দেশের কঠিন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের পক্ষে জামায়াত: শফিকুর রহমান appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.