Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Jashore

জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা- ২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আয়োজিত এ মেলার প্র...

Read on Dainik Jessore Link copied
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ
Photo: Dainik Jessore

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মানবাধিকার
সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আয়োজিত এ মেলার প্রস্তুতি
ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে,
মেলার স্টল, মঞ্চ, দর্শকদের বসার স্থান, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম ও
মাইক স্থাপনের কাজ চলছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে
প্রয়োজনীয় অনুমতির আবেদন বা দাপ্তরিক তথ্য পৌঁছেছে কি
না, তা নিয়ে দেখা দিয়েছে অস্পষ্টতা। আয়োজকদের প্রকাশিত
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, ২৮ ও ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে
রাত ৯টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন,
বিপণন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের
সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। আয়োজক
হিসেবে রয়েছে রাইটস যশোর। সহযোগিতায় যুব উন্নয়ন
অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং
যশোর চেম্বার অব কমার্সের নাম উল্লেখ রয়েছে। সার্বিক
ব্যবস্থাপনায় রয়েছে আশ্বাস প্রকল্প ও উইনরক ইন্টারন্যাশনাল।
এদিকে, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে রাইটস যশোরের নির্বাহী
পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক স্বাক্ষরিত একটি চিঠি যশোর
ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে ২৮ ও ২৯ নভেম্বর টাউন হল মাঠের আংশিক অংশে স্টল ও
মঞ্চসহ উদ্যোক্তা সম্মেলন আয়োজনের অনুমতি এবং মাঠ ব্যবহারের
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ
মাঠ ব্যবহারের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে যশোর
ইনস্টিটিউটের কাছে লিখিত আবেদন করার তথ্য পাওয়া গেছে।
তবে মেলা আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের
প্রয়োজনীয় অনুমতি এবং নিরাপত্তা-সংক্রান্ত আনুষ্ঠানিকতা
সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যে
অস্পষ্টতা রয়েছে। এ বিষয়ে যশোর জেলা পুলিশের ডিএসবির
এসআই শফিকুল আলম জানান, মেলা আয়োজনের বিষয়ে এখন
পর্যন্ত তাদের কাছে দাপ্তরিকভাবে কোনো তথ্য বা আবেদন
পৌঁছায়নি। অন্যদিকে, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) সুজন সরকার জানান, মেলার অনুমতির বিষয়ে অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট বলতে পারবেন। তিনি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত
নন। এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ
করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। প্রশ্ন
উঠেছে, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা
নিশ্চিত না করেই কি মেলার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে?
একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রশাসনের প্রয়োজনীয়
অনুমতি ছাড়াই এ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে
সংশ্লিষ্ট সব দপ্তরের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।
জনস্বার্থে প্রশ্ন উঠছে, এত বড় একটি আয়োজনের আগে
সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিত করা হয়েছে
কি না। মেলায় আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা, দর্শনার্থী, স্টল
পরিচালনাকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব কারা পালন
করবেন? স্থানীয়ভাবে আয়োজিত একটি উদ্যোক্তা মেলা
নিঃসন্দেহে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিপণন ও অর্থনৈতিক
কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ
করে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের স্বাবলম্বী করে
তোলার লক্ষ্যে পরিচালিত প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের তৈরি পণ্য
প্রদর্শনের উদ্যোগটি গুরুত্বপূর্ণ। কিন্তু এমন একটি
সম্ভাবনাময় আয়োজনও প্রয়োজনীয় নিয়মনীতি, প্রশাসনিক
সমন্বয় ও নিরাপত্তাব্যবস্থার বাইরে থাকতে পারে না।
স্থানীয়দের মতে, আয়োজনটি সুন্দর ও সফল করতে হলে সংশ্লিষ্ট সব
সরকারি দপ্তরের সঙ্গে আগেই সমন্বয় করা প্রয়োজন ছিল। বিশেষ
করে পুলিশ প্রশাসনের অনুমতি বা ক্লিয়ারেন্স স্পষ্ট করার
প্রয়োজন ছিল। অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হলে
পুরো আয়োজনই অপ্রয়োজনীয় বিতর্কের মুখে পড়তে পারে।
এতে উদ্যোক্তা, আমন্ত্রিত অতিথি এবং আয়োজক প্রতিষ্ঠান
সবারই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কা রয়েছে। অতীতেও
রাইটস যশোরের কিছু আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে
স্বেচ্ছাচারিতা ও উদাসীনতার অভিযোগ উঠেছিল বলে স্থানীয়
পর্যায়ে আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানের মনিটরিং অফিসার প্রকাশ স্বর এর সঙ্গে
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, দৈনিক যশোরকে
জানান, বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে
কিন্তু কোন তথ্য উপাত্ত দাখিল করতে আপারগতা প্রকাশ করেন।
সচেতন মহলের প্রত্যাশা, মেলা শুরু হওয়ার আগেই আয়োজক
প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমতিপত্র, মাঠ ব্যবহারের বৈধতা এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়টি পরিষ্কার
করবে। একই সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও
বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। কারণ,
উদ্যোক্তাদের উৎসাহিত করার মতো একটি ভালো উদ্যোগ যেন
প্রশাসনিক সমন্বয়ের অভাব কিংবা নিয়মনীতি অনুসরণে
অস্পষ্টতার কারণে প্রশ্নবিদ্ধ না হয় সেটিই যশোরবাসীর
প্রত্যাশা।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original