Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

রূপসায় বিএনপি নেতা জাকির হত্যাকাণ্ডে মামলা হয়নি, গ্রেপ্তার নেই

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এমনকি […]

Read on Khulna Gazette Link copied
রূপসায় বিএনপি নেতা জাকির হত্যাকাণ্ডে মামলা হয়নি, গ্রেপ্তার নেই
Photo: Khulna Gazette

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এমনকি পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। তবে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি তদন্ত আব্দুস সবুর খান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনে তিনি মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে প্রতিপক্ষ একটি গ্রুপ তার ওপর ক্ষিপ্ত ছিল। এছাড়া তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা নিয়ে কারও সাথে তার দ্বন্দ্ব আছে কি না তা আমরা খতিয়ে দেখছি।

রূপসা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, খুনিরা খুব দক্ষ। শ’ শ’ মানুষের মধ্যে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে দু’রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাত পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। এ সময়ের মধ্যে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহত বিএনপি নেতার ছোট ভাই জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম আবু সাইদ বলেন, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয় হিরকের দোকানে গিয়েছিলেন আমার ভাই জাকির হোসেন। রাত ১০টার দিকে ফোন করে এক ব্যক্তি জানায় তাকে গুলি করা হয়েছে। সংবাদ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি নিথর দেহ পড়ে রয়েছে। তিনি আরও বলেন, ভাইয়ের সাথে কারও কোনো দ্বন্দ্ব ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছিনা।

এদিকে শুক্রবার বাদ আসর উত্তর খাজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

মরদেহ বাড়িতে আনার পর তাকে শেষ বারের মতো দেখতে যান এবং জানাজা নামাজে অংশগ্রহণ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, কামরুল ইসলাম কচি, সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদ, জামায়াতে ইসলামী নেতা মোঃ নাজিমুদ্দিন, অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, শামীম হাসান, হাকিম কাজী, বনি আমিন সোহাগ, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম, টিটো জমাদ্দার, মেহেদী হাসান, আ. গফফার প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী। জানাজা শেষে উত্তর খাজাডাঙ্গায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া এলাকার হিরকের দোকানের সামনে দুর্বৃত্তরা রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনকে গুলি করে হত্যা করে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original