শেষ টেস্টে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে তাদের একমাত্র ইনিংসে ১০০ রানের পাশাপাশি ইনিংসে ৭ উইকেট নেওয়ারও কীর্তি গড়েছেন উইয়ান মুল্ডার। প্রথম দক্ষিণ আফ্রিকান ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে রেকর্ডটির কথা মনে করিয়ে দিতেই বললেন, দলের জয়ই শেষ কথা।
রেকর্ড নিয়ে মুল্ডার বলেন, রেকর্ড? কোন রেকর্ড? ওয়াও! রেকর্ড নিয়ে আমি এতটা ভাবি না। দলের জন্য অবদান রাখতে পেরেছি, ব্যাপারটা শান্তির। আমি বিভিন্ন ভূমিকায় খেলেছি। সুযোগ এলেই চেষ্টা করেছি সেরাটা দেওয়ার, সেটা কোন ভূমিকায় তা নিয়ে ভাবিনি। অস্ট্রেলিয়ায় হাঁকানো সেঞ্চুরিই ছিল হয়ত আমার সেরা সেঞ্চুরি। ম্যাচ জেতাই মুখ্য, রেকর্ড আমার কাছে মুখ্য নয়।
জাকেরকে আউট করা নিয়ে মুল্ডার বলেন, ব্যাটিং বোলিং দুটোই ভালো হবে, ক্রিকেটে এটা সচরাচর হয় না। ছেলেদের সঙ্গ আমি খুব উপভোগ করি। তাদের সাথে থাকতে ভালো লাগে। ব্যাপারটা দারুণ, দারুণ অনুভূতি। এ কারণে আমার কাজটা সহজ হয়ে যায় এবং সাফল্য আসে। জাকেরকে আমি সাধারণ বলই করেছি। বল একটু সুইং করছিল। লিটনকেই প্রায় একই বল করেছি। বলটা যেভাবে স্টাম্প ভেঙে দিয়েছে, দারুণ।
দলে এত তরুণ নিয়ে মুল্ডারের ভাষ্য, কোচ খুব প্রাণবন্তভাবে আমাদের নিয়ে কাজ করছে, তবে সে খুব আন্তরিক। একটা খারাপ ম্যাচ গেলেই অনেক কথা উঠে যায়। সে দারুণ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। সামনে কী হবে বা অতীতে কী হয়েছে এসবের চেয়ে বর্তমান নিয়েই আমরা বেশি ভাবি। আমাদের দলে তরুণ ক্রিকেটার বেশি হলেও, ম্যানেজমেন্ট ও সিনিয়ররা আমাদের ওই জায়গাটুকু দিয়েছে যাতে আমরা সহজে মানিয়ে নিতে পারি। আমরা যেন নিজেদের ভেতর থেকে পারফরম্যান্স বের করে আনতে পারি, সেই সুযোগ করে দিয়েছে। বাইরের আলোচনা ভেতরে আসতে দেয় না। আমাদের কাছে তাই ব্যক্তিগত অর্জনের চেয়েও বড় বিষয় হলো এটা যে আমরা এই দলের অংশ।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.