যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। কালিয়ায় নিহত কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা ও ছোট কালিয়ায় নিহতদের কবর জিয়ারত করেন। পরে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন মহাসচিব।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে। এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে। তার বলি হতে হয়েছে আজ এই সোহেল মোল্লা ও শাহিনুর মোল্লার। তাদের লাশ আমরা এখন কোথায় রাখবো, তাদের বাবা-মা, স্ত্রী সন্তানদের কী জবাব দেবো। তবে আমি কথা দিচ্ছি এই হত্যার বিচার অতি দ্রুত এই মাটিতেই করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মানিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আসাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম অহিদুজ্জামান মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিষিদ্ধ সংগঠন ও তার অঙ্গসহযোগী সংগঠনের কর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটর শোডাউন দেয়। এসময় মোটর শোডাউন উপজেলার বেন্দা বটতলা এলাকায় পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় ওই দুই নেতাকর্মীসহ ১০/১৫ জন আহত হয়। পরে তাদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.