Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
21°C Drizzle
Latest
Politics

মোটা অঙ্কের টাকা দিয়ে মুক্তি পেলেন বিএনপি নেতা মনিরুল হক

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদেরকে ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে […]

Read on Khulna Gazette Link copied
মোটা অঙ্কের টাকা দিয়ে মুক্তি পেলেন বিএনপি নেতা মনিরুল হক
Photo: Khulna Gazette

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদেরকে ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার ভোর রাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তার গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তারা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

তিনি জানান, কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামানোর পর তাকে মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

মনিরুল হক ফরাজীর অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে হাঁটানো হয়। পরে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন মনিরুল হক ফরাজী।

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন, এমন খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original