অনলাইন ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় অফিসে প্রবেশ করতে পারেননি নেতাকর্মীরা। সরকারের শেষ সময়ে দলটিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে গণআন্দোলনের মুখে চার দিনের মাথায় সেই সরকার দেশ ছাড়তে বাধ্য হয় বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করা হলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে দেশ উপকৃত হবে না, বরং অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবার সুযোগ পেতে পারে। সমস্যা সমাধানে জনগণের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের শীর্ষ নেতাদের বিচার ও মৃত্যুর প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাঁদের হত্যার আয়োজন করা হয়েছিল বলে তাঁরা মনে করেন। তাঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। কেউ ফাঁসিতে, আবার কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনের পর অবস্থান পরিবর্তন এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন শফিকুর রহমান। তাঁর দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির কারণে জাতির মধ্যে নতুন করে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারকে এসব বিষয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, লোকবল নিয়োগ ও কার্যক্রম শুরু হলেও বর্তমান সরকার তা বন্ধ করে দিয়েছে। তাঁর মতে, এটি জনগণের সঙ্গে করা অঙ্গীকারের লঙ্ঘন।
সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও সরকার এখন সংশোধনের পথে হাঁটছে। জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আদালতে তা চ্যালেঞ্জের সুযোগ না থাকে বলে মন্তব্য করেন তিনি।
অতীতের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, মেধার মূল্যায়ন ও দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে একটি মেধাভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের ব্যয়ও বেড়েছে। অথচ এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। অতীতের সরকার ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ওপর সব দায় চাপিয়ে বর্তমান সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জামায়াত আমির।
তৈরি পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিল্প খাতের সংকটের কারণে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। শিল্প ও শ্রমিক—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। তাঁর ভাষায়, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেও শিল্প টিকে থাকবে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলোর কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এই শিল্প ধ্বংসের পেছনে তাদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
The post নিবন্ধন বাতিল থেকে সংস্কার বিতর্ক, সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ শফিকুর রহমানের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.