স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লুতে সাউথ এশিয়ান ফেডারেশন সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গত পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল। এ ছাড়াও স্বৈরাচারী শাসনামলে অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেয়া হয়েছিল।
তিনি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে।
দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করতে হবে। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রপতি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.