সাভারে পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অপরদিকে, ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে বলে জানান তিনি।
এ ছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.